সংবাদিকদের মধ্যে ১ম টিকা নিলেন নিবারণ রায়

নরসিংদী জেলায় প্রথম টিকা নিয়েছেন সংবাদিক নিবারণ চন্দ্র রায়(৬৭)। তিনি দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি। এর আগে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করে বলেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে প্রাধান্য দিয়ে নিবারণ চন্দ্র রায়কে দিয়েই নরসিংদীতে টিকাদান কার্যক্রম শুরু হলো। বাকি ২৭ জনকে পর্যায়ক্রমে আজকেই দেয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন দীপংকর ঘোষ নামের একজন চিকিৎসক। আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রথম টিকা নেন তিনি। ঢাকা মেডিকেল কলেজে টিকাদান শুরুর পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, তার হাসপাতালে টিকা নিতে ৩ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছে। রোববার এখানে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নাজমুল হক জানান, ঢাকা মেডিকেলে ৪টি বুথের মাধ্যমে টিকা দেয়া হচ্ছে। টিকা দেয়ার পর ২০ থেকে ৩০ মিনিট পর্যবেক্ষণ করা হচ্ছে সবাইকে।
কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে সেজন্যও ব্যবস্থা রাখা হয়েছে।

তবে তেমন কোনো প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি বলে জানান তিনি।

বেলা পৌনে বারোটার দিকে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রমে উপস্থিত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় তিনি সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানান। আজ এই হাসপাতালে টিকা গ্রহনের জন্য ৫৬ জন রেজিস্ট্রেশন করেছেন।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী টিকা নিয়েছেন। বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।

সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম টিকা নেবেন। সকাল ১১টা ২৩ মিনিটে এ কেন্দ্রে টিকাদান কার্যক্রম উদ্বোধন করতে পৌছান তিনি। সোহরাওয়ার্দীতে মোট রেজিস্ট্রেশন করেছেন ৪ হাজার ২০৩ জন। পুরুষ ও নারীর জন্য  রয়েছে আলাদা দুটি করে বুথ। আজ টিকা নেবেন ২’শ জন।