একুশে পদক পাচ্ছেন আহমেদ ইকবাল হায়দার

সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।

২১ বিশিষ্ট নাগরিককের মধ্যে নাটকে চট্টগ্রামের কৃতি সন্তান নাট্যজন আহমেদ ইকবাল হায়দার একুশে পদককের জন্য মনোনিত হয়েছেন। আহমেদ ইকবাল হায়দারের জন্ম পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে। বাবা কায়কোবাদ আহমেদ ও মা জেবুন্নেছা বেগম। ৬ ভাই ও এক বোনের মধ্যে তিনি ৪র্থ। 

আহমেদ ইকবাল হায়দার ৩০ বছরেরও বেশি সময় ধরে মঞ্চ নাটকে কাজ করে যাচ্ছেন। ইকবাল হায়দার একাধিক টিভি নাটকেও অভিনয় করেছেন। বর্তমানেও করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি নির্দেশনার কাজও সমান তালে করছেন তিনি।চট্টগ্রামের ‘তির্যক’ নাট্যদলের দলপ্রধান তিনি। বর্তমানে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। 

২০২১ সালের একুশে পদকের জন্য নাটক ক্যাটাগরিতে মনোনীত আহমেদ ইকবাল হায়দার বলেছেন, এখন আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। এই প্রাপ্তি আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।

তিনি বলেন, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব না করে কাজ করে গেলে সময়ের পরিক্রমায় মানুষ ঠিকই ভালো কিছু অর্জন করতে পারে। ১৯৭৫ সাল থেকে আমি নাটকের সঙ্গে জড়িত। এখনো আছি নাটকেই। এটা আমার রাষ্ট্রীয় স্বীকৃতি।