ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলা অনলাইনে মনিটরের জন্য সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
এতে এসব মামলার স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সহজ হবে।
মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সিএসএমএস স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর হয়।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব মোঃ মাহমুদ হাসান এবং সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান মাইসফটহ্যাভেন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাক্কারুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার, মুহাম্মদ সালেহউদ্দীন এবং প্রদীপ কুমার দাস।
ভূমি মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে যতো মামলা হয় তার সিংহভাগ ভূমি সংক্রান্ত মামলা। এসব দেওয়ানি মামলা সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনে ২০২০ সালের জুলাই মাসে পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুসরণে কার্যক্রম নেয়া হয়।
সিএসএমএস স্থাপন করা হলে আদালতের তথ্য হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে না এবং মামলায় তথ্যবিবরণী আদালতে দেয়া হয়েছে কিনা, তথ্যবিবরণী কিভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কি ইত্যাদি বিষয়েও সিস্টেম থেকে তথ্য নেওয়া যাবে। নতুন এই সিস্টেমে আদালতের বিজ্ঞ কৌঁসুলিকেও অন্তর্ভুক্ত করা হবে, যাতে আদালতের তারিখ ও আদেশ পর্যবেক্ষণ করা সম্ভব হয়।
ভূমি তথ্য সিস্টেম ফ্রেমওয়ার্ক এর সঙ্গে আন্ত: সংযোগ করে উক্ত সিএসএমএস স্থাপন করা হবে। মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের সঙ্গে এই সিস্টেমের যোগসূত্র থাকবে।
ই-মিউটেশন সিস্টেমের সঙ্গেও এই সিস্টেমটি একীভূত করা হবে। এতে ইউনিয়ন হতে তথ্য বিবরণী দেয়া থেকে শুরু করে আদালত পর্যন্ত তথ্য বিবরণীর কপি দাখিল পর্যন্ত অনলাইন সিস্টেম তৈরি করা সম্ভব হবে।












