বোয়ালখালীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১শত লিটার চোলাই মদ উদ্ধার
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিকশা করে দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ১শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম সড়কের পুতামুড়া মাজারের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সারোয়াতলী ইউনিয়নের শুক্কুর আলী মাজার এলাকার মো. ইউনুচের ছেলে মাহমুদুল হক মানিক (২৫), আহলা কড়লডেঙ্গা ধলঘাট জয়কালী বাড়ী এলাকার হরিপদ দাসের ছেলে সুমন দাস (২৯), একই ইউনিয়নের গাজী পাড়ার আলী আকবরের ছেলে আবদুল মান্নান (৩৫), পটিয়া ধলঘাট গণি চৌধুরী বাড়ীর মো. রফিকের ছেলে মোস্তাক চৌধুরী (৩৪) ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মালাকার পাড়ার ননী মালাকারের ছেলে সুমন মালাকার।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, মাদক পাচারকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মাদক বহনকারী সিএনজি অটো রিকশাটিসহ ১শত লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালীতে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. ইমতিয়াজ (২৩) মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার বরই সিকদার পাড়ার মৃত শমছু আলমের ছেলে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরণার্থী ক্যাম্পে থাকে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পৌণে ১১ টার সময় উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে আটক করা বলে জানায় পুলিশ। এ সময় তার পরনের প্যান্টের পকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, ফকিরাখালী বাজার এলাকায় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক ইমতিয়াজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সাথে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পকেটে ২টি প্যাকেটে ২০০ করে মোট ৪শত গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত ইমতিয়াজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ও বিদেশীয় নাগরিক সম্পর্কিত আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।












