আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।
তাসমীম রেজা, রেজোয়ান আরেফিন এবং আরমান ফেরদৌস এই পদক বিজয়ী।
২০২০ সালের এই অলিম্পিয়াডের আয়োজক ছিল সিঙ্গাপুর। করোনার কারণে প্রতিযোগীদের নিজ নিজ দেশে কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ইনফরমেশন এক্সেস সেন্টারে ১৬ ও ১৯ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আয়োজক কমিটি ও সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক কমিটি সার্বক্ষণিক অনলাইন নজরদারি করে।
বাংলাদেশে এ প্রতিযোগিতা তত্ত্বাবধান করেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য ড. মো. কায়কোবাদ এবং ড. সোহেল রহমান।
এবার ৮৭টি দেশ থেকে মোট ৩৪৩ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।












