কায়সার হামিদ মানিক, উখিয়া: উখিয়ার টিএন্ডটি এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্পেশালিস্ট হাসপাতালটি পুনরায় চালুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলছে। হাসপাতালটি চালু হলে উখিয়া, টেকনাফসহ আশপাশের এলাকার মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণের আরও ভালো সুযোগ পাবেন।

এ লক্ষ্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের বর্তমান অবস্থা, অবকাঠামো এবং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে হাসপাতালটির সার্বিক অবস্থা এবং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সংসদ সদস্যকে অবহিত করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে অচিরেই হাসপাতালটি পুনরায় চালু হয়ে উখিয়া-টেকনাফ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করবে।












