জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ৪ জুলাই (শনিবার) কর্ণফুলীর কলেজবাজার থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত বিক্ষোভ সমাবেশে দল মত শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে যোগদান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার আহবান জানাচ্ছি।

আগামী ৪ জুলাই কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলার বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা জামায়াতের উদ্যোগে আজ নগরীর বিআইএ মিলনায়তনে উত্তরাঞ্চলের উপজেলা ও থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
জেলা আমীর আরও বলেন, দেশের আবাল বৃদ্ধ ছাত্র সমাজ জীবন বাজি রেখে ২০২৪ সালের জুলাই মাসে সরকারের সাথে মোকাবেলা করে ৫ আগস্ট তথা ৩৬ জুলাই সরকারের পতন ঘটিয়েছিল। জনগণের স্বপ্ন ছিল, দেশকে নতুন করে সাজাবে। কিন্তু নির্বাচনের পর বিএনপি সরকার জুলাই চেতনার বিপরীতে হেঁটে জনগণের সাথে প্রতারণা করছে। নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার ঘৃণ্য চক্রান্ত করছে। এ জুলাই সনদ কার্যকর ব্যতীত সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী মুক্তি মিলবে না। তাই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ।












