বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) বিভাগের উদ্যোগে প্রশিক্ষিত সমাজকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও এইচআরডি বিভাগের দায়িত্বশীল মোরশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

সমাবেশে মাস্টার ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম। এছাড়াও বক্তব্য রাখেন বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, জামায়াত নেতা মো. মামুনুর রশীদ, মুহিবুল্লাহ চৌধুরী, তৌহিদ আজাদ, খালেদ বিন কবির ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমাজকর্ম দ্বীনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম মৌলিক কর্মসূচি। মানুষের দুঃখ-কষ্ট লাঘব, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সহযোগিতা করা এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রচেষ্টা নিঃসন্দেহে ইবাদতের অন্তর্ভুক্ত। একজন সমাজকর্মীকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করে যেতে হবে। সমাজসেবাকে কখনো লোকদেখানো কার্যক্রমে পরিণত না করে একে আত্মশুদ্ধি ও কল্যাণমুখী দাওয়াতি কাজ হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়াই একজন আদর্শ সমাজকর্মীর পরিচয়। সমাজের সমস্যা চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধানে ভূমিকা রাখা, দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সমাজ বিনির্মাণে সক্রিয় অবদান রাখা সময়ের দাবি। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে মাঠপর্যায়ে কাজে লাগিয়ে সমাজের সর্বস্তরের মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি নৈতিকতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোরশেদুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো দক্ষ, দায়িত্বশীল ও মানবিক সমাজকর্মী তৈরি করা, যারা সংগঠনের আদর্শ ধারণ করে সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি উপস্থিত সমাজকর্মীদের নিয়মিত প্রশিক্ষণ, আত্মোন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সমাবেশে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজসেবামূলক কার্যক্রমের সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।












