টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল চারটার দিকে এই তথ্য নিশ্চিত করেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফের হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িত এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।