কক্সবাজারে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব জানায়, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায় র্যাব। অভিযানে একটি বাড়ির গোয়ালঘরের ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৫৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৩৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কাঠের হাতলযুক্ত ধারালো দা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।












