কর্ণফুলীতে মাছবাহী পিকআপের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে মাছবাহী পিকআপের ধাক্কায় সাদিকুজ্জামান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বড় উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুজ্জামান বড় উঠান এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সাদিকুজ্জামানের মৃত্যু হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শাকিল শাহ জানান, বড় উঠান রাস্তার মাথায় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী পিকআপের ধাক্কায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।