চট্টগ্রামের আঞ্চলিক “চাটগাঁইয়া ভাষায়” হজের খুতবা সম্প্রচারের ঐতিহাসিক সিদ্ধান্ত

মক্কা থেকে প্রতিনিধি:
চট্টগ্রাম ও পার্শ্ববর্তী আরাকান অঞ্চলের প্রান্তিক ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য এবার প্রথমবারের মতো আঞ্চলিক “চাটগাঁইয়া ভাষায়” পবিত্র আরাফাতের খুতবা অনুবাদ ও সম্প্রচারের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

এ উদ্যোগের ফলে মাতৃভাষায় হজের অন্যতম গুরুত্বপূর্ণ এই খুতবা শুনতে ও বুঝতে পারবেন হাজারো মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, ভাষাগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে বহু মানুষ খুতবার মূল বার্তা পুরোপুরি অনুধাবন করতে পারতেন না। নতুন এই পদক্ষেপ চট্টগ্রাম ও আরাকান অঞ্চলের মানুষের কাছে ইসলামের শিক্ষা আরও সহজ, হৃদয়গ্রাহী ও বোধগম্য করে তুলবে।

বিশ্বের দরবারে ইসলামের শান্তি, সম্প্রীতি ও উদারতার বার্তা ছড়িয়ে দিতে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সৌদি আরব। পবিত্র হজের অন্যতম মূল আকর্ষণ আরাফাত ময়দানের খুতবা এবার বিশ্বের ৩৫টি প্রধান ভাষায় অনূদিত ও সরাসরি সম্প্রচার করা হবে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাস্তবায়ন করা হচ্ছে এই মেগা প্রজেক্ট।

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি–এর প্রধান শেখ আব্দুল রহমান আল-সুদাইস গত ২০ মে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ভাষায় অনুবাদের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন,

“আরাফাত খুতবা অনুবাদ প্রকল্পটি আমাদের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে সঞ্চিত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এই প্রজেক্ট সাজিয়েছি। এর মূল লক্ষ্য হলো, অনারবভাষী কোটি কোটি মুসলিম যেন খুতবার আধ্যাত্মিক ও মানবিক বার্তা নিজ নিজ ভাষায় বুঝতে এবং তা থেকে উপকৃত হতে পারেন।”