আন্দোলন-সংগ্রামের ছবি অপরাধের লাইসেন্স হতে পারে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকা কিংবা রাজনৈতিক পরিচয় কখনোই অপরাধ আড়াল করার সুযোগ হতে পারে না। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দোলন-সংগ্রামের ছবি অপরাধের লাইসেন্স হতে পারে না : মীর হেলাল
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামের পথে অনেক সহযোদ্ধার সঙ্গে কাজ করেছেন। তবে অতীতের সম্পর্ক বা একসঙ্গে রাজপথে থাকার স্মৃতি কাউকে অপরাধ করার সুযোগ দিতে পারে না।

মীর হেলাল আরও বলেন, কোনো ব্যক্তি দলের পদে থাকলেও বা তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হলেও, অপরাধে জড়িত হওয়ার পর তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা এর অঙ্গসংগঠনের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হবে না।

তিনি জানান, যেখানেই অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে, সেখানেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সাত্তারঘাট এলাকায় অবৈধ ভবন নির্মাণ বন্ধ করা হয়েছে এবং কালভার্ট দখল করে নির্মাণ ইয়ার্ড তৈরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সম্পদ রক্ষা ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।