আগ্রাবাদে সিডিএ এর উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের ক্ষোভ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ করা হলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই এক ঘণ্টার মধ্যে দোকান ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে সিডিএ কর্তৃক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সিডিএ সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ২২ শতক জমি নেওয়া হয়েছে। ওই জায়গায় থাকা দোকানপাট উচ্ছেদ করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, “আমি ও আমার বাবা ৫৬ বছর ধরে এখানে ব্যবসা করছি। রেলের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করে আসছি।

হঠাৎ এসে দোকান ভেঙে দেওয়া হয়েছে। এখানে প্রায় ৬০টি দোকানের ব্যবসায়ীরা রাস্তায় নেমে গেলাম।
তিনি আরও বলেন, আমাদের পুনর্বাসনের বিষয়ে হাইকোর্টের রায় আছে। আমরা পুনর্বাসন ও ক্ষতিপূরণ আশা করেছিলাম। কিন্তু কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদের বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, এক্সপ্রেসওয়ের র‌্যাম্পের কাজ শুরু করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। যেহেতু রেলওয়ে থেকে আমরা জায়গা নিয়েছি ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়ে রেলওয়ে দায়িত্ব নেবে।