অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, তেল, গ্যাসসহ জ্বালানির মজুদ যাতে কমপক্ষে তিন মাসের জন্য নিশ্চিত করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের চেয়ে ডিস্ট্রিবিউশন এখানে অনেক বড় সমস্যা; কারণ সরবরাহ কাঠামো ঠিক নেই।
সোমবার (১১ মে) রাজধানীর বনানীতে দৈনিক বণিক বার্তার আয়োজনে ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ট্যাক্স-জিডিপি বাড়াতে গেলে প্রথমেই জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কার করতে হবে। অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া শুরু করে গেছে। তবে সেটি যথেষ্ট নয়, আরও কার্যকরভাবে করতে হবে। কারণ আধা সংস্কারের কারণে এখন না পুরোপুরি পুরোনো কাঠামো রাখা যাচ্ছে, না নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে। ফলে আমরা নতুন একটি কমিটি করেছি। সেই কমিটির মাধ্যমেই সিদ্ধান্ত হবে কীভাবে এবং কতটুকু সংস্কার করা হবে।












