চট্টগ্রামের মানুষের ভারত ভ্রমণ সহজ করতে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা প্রদানের হার ও প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে তিনটায় টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে চট্টগ্রামে নিযুক্ত ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
মেয়র বলেন, চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করেন। বিশেষ করে আজমির শরিফ, নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ, তাজমহলসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে প্রতিবছর অসংখ্য মানুষ যান। তাই চট্টগ্রামের মানুষের সুবিধার্থে মেডিকেল ও ট্যুরিস্ট ভিসার হার এবং গতি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের নাগরিক সেবা কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ভারতীয় সহকারী হাইকমিশনারকে অবহিত করেন।
এ সময় বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চট্টগ্রামের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মেয়র নবনিযুক্ত সহকারী হাইকমিশনারকে চট্টগ্রামে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে চসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অপরদিকে শ্রী হরিশ কুমার চট্টগ্রামের উন্নয়নে মেয়রের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং ভিসা সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।












