চট্টগ্রামের কর্ণফুলীতে অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন শিকল বাহার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারা বেগম কর্ণফুলীর মাস্টারহাট এলাকার বাসিন্দা। তার স্বামী মৃত ফজল আহমেদ।

চট্টগ্রামে মেডিকেলে আসা দেলোয়ারার স্বজন জুলির তথ্যমতে, টানা বৃষ্টির কারণে রাস্তার পাশে একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এ সময় দেলোয়ারা বেগম দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং পরে ২ নম্বর ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।












