সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

সারাদেশে অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে শহরের জিমনেশিয়াম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে করা হয়। মিছিলটি শহরের বনরূপা এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী লীলা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য কবিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমাসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ঢাকায় রামিসা নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। একই সময়ে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটির বিলাইছড়িসহ বিভিন্ন এলাকায় শিশু নির্যাতনের ঘটনাও সামনে এসেছে। তাদের দাবি, এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের অপরাধ বারবার ঘটছে এবং ন্যায়বিচারের দাবিতে মানুষকে রাজপথে নামতে হচ্ছে। নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সভা থেকে সমতলের পাশাপাশি পার্বত্য অঞ্চলেও নারী ও শিশু নির্যাতনের সব ঘটনা বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিও তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর ও দ্রুততর করা জরুরি।