কাপ্তাই থেকে অজগর উদ্ধার, পরে অবমুক্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন চিৎমরম এলাকায় হঠাৎ করে একটি বড় আকারের অজগর সাপ দেখা যাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে এলাকাবাসী মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি দ্রুত বন বিভাগের সংশ্লিষ্টদের অবহিত করে।

খবর পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় যুবকদের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যায়। এরা হলো নয়ন, রাশেদ, জাবেদ, জাকির, জাফর ও জাহিদ। এসব স্থানীয় সাহসী যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনাটি গত রোববার(১২ এপ্রিল) ঘটেছে বলে কাপ্তাই ওয়াইল্ড লাইফ গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে।
উদ্ধারকৃত সাপটি “রেটিকুলেটেড পাইথন” (গোলবাহার অজগর) নামে পরিচিত। এই সাপের মানুষ খাওয়ার রেকর্ডও রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। এই সাপ যা সাধারণত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে দেখা যায়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে নিকটবর্তী সংরক্ষিত গভীর বনে নিরাপদে অবমুক্ত করা হয়।

এ ঘটনায় বন বিভাগ স্থানীয় যুবকদের দক্ষতা, সাহসিকতা ও বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিকতা দেখে সন্তোষ প্রকাশ করেছে। তাদের এই উদ্যোগ ভবিষ্যতে বন্যপ্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বন বিভাগ সকলকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে অজগরসহ অন্যান্য সাপ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং ইঁদুরসহ ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে।