মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একের পর এক জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে কাপ্তাই উপজেলা ফুটবল দল।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩টায় চিংহ্লা মরি স্টেডিয়াম এ অনুষ্ঠিত ফাইনাল বাছাই ম্যাচে কাপ্তাই উপজেলা ৩–০ গোলে পরাজিত করে রাজস্থলী উপজেলা ফুটবল দলকে। এই জয়ের মধ্য দিয়ে কাপ্তাই উপজেলা ফুটবল দল ফাইনালের টিকিট নিশ্চিত করে।
টানা তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করায় দলের টিম ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন কাপ্তাইবাসী। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন এই সফলতায় কাপ্তাই উপজেলা ফুটবল টিমের ম্যানেজার, কোচ ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। কাপ্তাই উপজেলার এই ধারাবাহিক সাফল্যে এখন পুরো উপজেলার দৃষ্টি ফাইনালের দিকে। প্রসঙ্গত, প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে কাপ্তাই উপজেলা মুখোমুখি হয় নানিয়ারচর উপজেলা দলের সাথে। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে কাপ্তাই ৩–০ গোলে নানিয়ারচরকে পরাজিত করে টুর্নামেন্টের ২য় রাউন্ড নিশ্চিত করে।
গত ১ এপ্রিল অনুষ্ঠিত ম্যাচে কাপ্তাই উপজেলা ২–১ গোলে পরাজিত করে বাঘাইছড়ি উপজেলাকে। এতে দলের অবস্থান আরও শক্ত হয়।












