বিশ্বব্যাপী স্বীকৃত সামাজিক উদ্যোগভিত্তিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রোগ্রাম-২০২৬’ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সম্প্রসারণযোগ্য এবং প্রভাবভিত্তিক স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মোট ৪৮টি দল অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে ৭টি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীর হোসাইন, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম-এর পরিচালক ও জিপিএইচ ইস্পাত-এর গণমাধ্যম উপদেষ্টা জনাব মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর ফেলো সদস্য জনাব এম. এ. হামিদ এবং পিউপিল স্কুল বাস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি জনাব মোঃ আব্দুর রশিদ সোহাগ। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবর্তন-নির্মাতা। সামাজিক সমস্যার টেকসই সমাধান দিতে হলে উদ্যোক্তা চিন্তাধারার বিকল্প নেই। এই আয়োজন সেই চর্চাকে আরও শক্তিশালী করবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
ফাইনালে শীর্ষ তিনটি দলের মধ্যে থিংকরিভার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রাউন টু ক্রপস ১ম রানার্স-আপ এবং নির্জনা ২য় রানার্স-আপ হয়। চ্যাম্পিয়ন দল থিংকরিভার্স জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবে। প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং ১ম রানার্স-আপ ও ২য় রানার্স-আপ দলের হাতে ক্রেস্ট ও সর্বমোট ১০,০০০ টাকার প্রাইজমানি তুলে দেন। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে, যেখানে চূড়ান্তভাবে রয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলারের সিড ফান্ডিং অর্জনের সম্ভাবনা।












