ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি রাহমত ছালাম

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন রাহমত ছালাম। তিনি হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ এবং সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল গ্রামের আবুল হোছাইনের পুত্র।

ঢাকাস্থ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্টার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং সহকারি রেজিস্টার মোঃ হাসানুজ্জামান স্বাক্ষরিত পত্র সূত্রে মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত ২২ ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত এ পত্রে বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে একজন তরুণ ব্যারিস্টারকে মনোনয়নের কথাও উল্লেখ করা হয়।

আলমাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন এবং মনোনীত সভাপতিও এ সংক্রান্ত পত্র হাতে পেয়েছেন বলে জানান।

জানা গেছে, রাহমত ছালাম ২১/৮/২২ ইংরেজি তারিখ থেকে কক্সবাজারের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি গাজীপুরের চান্দরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। এ প্রতিষ্ঠানের পূর্বে তিনি কক্সবাজারের উখিয়া রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। পাশাপাশি তিনি প্রায় পাঁচ বছর কক্সবাজার লাবনী পয়েন্টে অবস্থিত আলিফ- লাম- মিম জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সরকারি, বেসরকারি নানা প্রশিক্ষণে অংশগ্রহণ এবং জাতীয় ও সামাজিক উন্নয়নের জন্য ইসলামী ও আধুনিক শিক্ষার ঐক্য ও সমন্বয়ের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।