বরিশাল-৩ আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করে বলেছেন, নির্বাচনে প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভোটের দিনে বাবুগঞ্জ এবং মুলাদি এলাকায় প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, কেন্দ্র দখলের চেষ্টা , ভয়ভীতি ও জালভোটের মতো অনিয়ম ঘটেছে।
তিনি জানান, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে দখলের চেষ্টা ও বিভিন্ন অনিয়মের বাস্তবতা গণমাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য এ সংবাদ সম্মেলনের আয়োজন।
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য বিশেষ করে সেনাবাহিনী ও র্যাবের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ফুয়াদ বলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সামগ্রিক ভূমিকা প্রশ্নবিদ্ধ । প্রশাসনে আন্তরিক কিছু কর্মকর্তা থাকলেও পুরো ব্যবস্থাপনায় সমান সুযোগ নিশ্চিত হয়নি।
তিনি বলেন, বাবুগঞ্জ উপজেলার কেন্দ্র দখল ঠেকাতে গিয়ে মুলাদির পরিস্থিতিতে নজর দেওয়া কঠিন হয়ে পড়ে। বিচ্ছিন্ন এলাকা হওয়ায় মুলাদিতে দ্রুত সেনা বা র্যাব পাঠানো সম্ভব হয়নি। অনেকে ভয় পেয়ে কেন্দ্র ছেড়ে চলে যান এবং পরে ভিডিও পাঠিয়ে ব্যালট স্টাফিংয়ের ঘটনা জানান।
ফুয়াদ বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই, অস্ত্রের ভয় দেখানো, পেছনের গেট দিয়ে কেন্দ্রে প্রবেশ এবং আধা ঘণ্টা ধরে সিল মারা- এমন নানা অনিয়মের খবর নিয়মিত পাওয়া গেছে। সংসদ সদস্য নির্বাচনে ভোটের সংখ্যা গণভোটের তুলনায় অস্বাভাবিক, যা ব্যালট স্টাফিংয়ের ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, অনেক কেন্দ্রে ভোটের গোপনীয়তা রক্ষা হয়নি,কোথাও পর্দা ছিল না, কোথাও প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফুয়াদ। তিনি বলেন, বহু নেতাকর্মী এখনো এলাকায় ফিরতে পারছেন না, ঘরে ঘরে ভয়ভীতি দেখানো হচ্ছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাবুগঞ্জ-মুলাদির ৬১ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছেন। তারা দেখেছেন আমাদের বিজয় কীভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই মানুষগুলো কি চুপ করে বসে থাকবে? অবশ্যই না। আমরা রাজপথে থাকবো, সরকারের সমালোচনা করবো।
তিনি বলেন, নির্বাচনী চর দখল করে যারা ক্ষমতায় যাচ্ছেন তাদের চব্বিশের আন্দোলনের কথা মনে রাখতে হবে। হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেব আপনার নেতাকর্মীদের এখনো সামলান। তাদের চর দখলের মনোভাব পরিহার না করলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে।
এ সময় এবি পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












