মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

নগরের উত্তর কাট্টলীতে মাদকসেবির দা-এর কোপে সন্ধ্যা রাণী হত্যার বিচার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৩ মে) সকাল ১১টার দিকে উত্তর কাট্রলীর সিটি গেট এলাকায় এ সড়ক অবরোধ করা হয়।

প্রায় ঘণ্টাখানেক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে নিজ গন্তব্যে যেতে বাধ্য হন।

অবরোধের পর মানববন্ধনে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

বক্তারা বলেন, পূর্ব শুত্রুতার জের ধরে ইয়াবা ব্যবসায়ীরা নিরীহ মানুষের ওপর অতর্কিত হামলা চালায়। বিগত দিনে ইয়াবা ব্যবসায় বাধা দেয়ায় এই হামলা হয়েছে। অতীতে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনকে দেয়া হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে সন্ধ্যা রাণী হত্যার বিচার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে। তা নাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা রাণী হত্যার বিচার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানবন্ধন করেছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৯ মে ) সন্ধ্যায় মাদকাসক্ত সত্যজিৎ ঘোষ পপির ধারালো দা’র কোপে নিহত হন উত্তর কাট্টলী কালীবাড়ি এলাকার সন্ধ্যা রানী (৬০)।