বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চবিতে সাউথইস্ট ব্যাংক এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্রিন ব্যাংকিং ফর এ রেজিলিয়েন্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শনিবার (৬ জুন) বেলা ১২টায় চবি ডে-কেয়ার সেন্টার সংলগ্ন স্থানে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় মাননীয় উপাচার্য একটি তাল গাছ ও একটি নিম গাছের চারা রোপণ করেন।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাউথইস্ট ব্যাংক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান। মাননীয় উপাচার্য সময়োপযোগী দারুণ এমন উদ্যােগের জন্য সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষসহ আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমরা জানি জলবায়ু পরিবর্তন হয়েছে, স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তা খুব সহজভাবেই বুঝতে পারি। আর এটা মূলত আমাদের কার্যকলাপের কারণেই ঘটেছে। একটা দেশের জলবায়ু ও পরিবেশকে ঠিক রাখার জন্য ২৫% বনায়ন থাকা প্রয়োজন। কিন্তু আমরা গাছ কেটে কেটে সেটাকে এখন সর্বনিম্ন ৭% এর নিচে নিয়ে চলে এসেছি। আমরা যদি এ পরিবেশকে, এ দেশকে এবং এ পৃথিবীকে বাঁচিয়ে রাখতে চাই, কার্বন নিঃসরণ যদি আমরা কমানোর জন্য চেষ্টা করি, তাহলে আমাদের জন্য এ বৃক্ষরোপণ খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি আবারও সাউথ-ইস্ট ব্যাংককে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনের হেড মো. আব্দুল মান্নান মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে দেশে পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে, ‘বেশি বেশি গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে আমরা এখানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নিয়ে সমবেত হয়েছি। সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যাঞ্চ এম.এ. ফারুক আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যাঞ্চ মোহাম্মদ কামাল উদ্দিন পাটওয়ারীসহ চট্টগ্রাম রিজিওন অফিস ও অন্যান্য শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চবি বোটানিক্যাল গার্ডেনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।