টেকনাফে অপহরণের চেষ্টাকালে চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।
আটক ব্যক্তিরা হলেন, শাহাব উদ্দিন (২৮) কেফায়েত উল্লাহ (২৪) ও আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, মঙ্গলবার (২ জুন) টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে নিয়মিত টহলরত র্যাব সদস্যরা খবর পান যে টেকনাফ সদর নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পাওয়ার পর র্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় জনতা তিন অপহরণচেষ্টাকারীকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। র্যাব সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বাড়ির সামনের রাস্তা থেকে তার ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগনেকে একা পেয়ে অপহরণের চেষ্টা চালায় ওই তিনজন। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় এবং অপহরণকারীরা জনতার হাতে ধরা পড়ে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।












