ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এর উদ্বোধন করেন তিনি।
এর মধ্য দিয়ে ১৯ মে থেকে সারা দেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হলো। যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা চলবে।

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি।’
তিনি বলেন, ‘জমির ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয় বরং জনগণের সেবা নিশ্চিত করা। যা আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য একটি হয়রানি মুক্ত প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।’
তিনি আরও বলেন, ‘প্রচলিত আদালতের বাইরেও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তির মত আইনানুগ ব্যবস্থায় জোর দেওয়া জরুরী।’












