লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সন্ত্রাসীর গুলিতে দুই ব্যাটারিচালিত অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমিরবাপের পাড়া ও একই ওয়ার্ডের হরিঘোনা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার হামিদ হোসেনের পুত্র মো. আকিব (২০) ও চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের পুত্র কাইয়ুম শরিফ (১৯)।

গুলিবিদ্ধ আকিবের চাচা শ্বশুর আব্দুল গণি জানান, স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ আকিবের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। আকিব এরমধ্যে তিন হাজার টাকা চাঁদা দেয় তাদেরকে। বাকি ১৭ হাজার টাকার দাবিতে বারবার তারা তাকে হুমকি দিয়ে আসছিল। টাকা না পাওয়ায় সন্ধ্যার দিকে আকিব ভাড়া নিয়ে আমিরবাপের পাড়া গেলে ওই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়লে আকিবের পেটে ও হাতে গুলি লাগে।

অপরদিকে গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় হয়ে হরিঘোনা এলাকায় যাত্রীদের নামিয়ে দিয়ে চলে আসার সময় কে বা কারা তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। এতে পিটের একাধিক স্থানে তিনি গুলিবিদ্ধ হন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।