রাঙ্গামাটির বাঘাইছড়িতে কালবৈশাখী ঝড় ও টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট সংকটে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তীব্র শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ায় যখন পাকা ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে তারা।
শুক্রবার (৮ মে) বিকালে বাঘাইছড়ির মধ্যমপাড়া এলাকায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নির্দেশনায় বাঘাইছড়ি পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এই মানবিক কাজে অংশ নেন।

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লার নেতৃত্বে ধান কাটার এই কর্মসূচিতে একদল নেতাকর্মী অংশ নেন। এসময় কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি নয়ন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ এবং ১নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা বলেন, বাঘাইছড়িতে মাঠজুড়ে এখন সোনালী ধানের সমারোহ। কিন্তু গত কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটে কৃষকরা ধান ঘরে তোলা নিয়ে চরম শঙ্কায় ছিলেন। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নির্দেশে আমরা কৃষকদের সেই শঙ্কা দূর করতে মাঠে নেমেছি। সাধারণ মানুষের কল্যাণে ছাত্রদলের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সহায়তায় আবেগাপ্লুত হয়ে স্থানীয় কৃষক আবুল খায়ের বলেন, এবার আমার ক্ষেতে বোরো ধানের ভালো ফলন হয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এবং শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলাম না। ছাত্রদলের ছেলেরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। তাদের এই উপকারে আমি অনেক খুশি।
রাঙ্গামাটি জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জেলায় প্রায় ৩৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই সময়ে ছাত্রদলের এমন উদ্যোগ স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












