পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্ত ‘পলিটিসাইজ’ (রাজনীতিকরণ) হয়ে গেছে। এ কারণে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ।

শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। দুই দেশের কাজের মাধ্যমে এই সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রবাসীদের বার্তা উদ্ধৃত করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের ‘ফাঁকিঝুঁকি’ চলবে না।

এ সময় তিনি ‘জুলাই বিপ্লবে’ আহতদের সুচিকিৎসার ওপর জোর দিয়ে বলেন, থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে পাঠাতে হবে। এ বিষয়ে তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। তবে চাই নিরীহ মানুষের ওপর যেন জুলুম করা না হয়। বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার না করতে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি।’ একই সঙ্গে সীমান্তে ‘পুশ-ইন’ চেষ্টার বিষয়েও গভীর পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সকালবেলা বিমানবন্দরে পৌঁছালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান।