দ্বিতীয় দিনের প্রথম সেশনটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছিলেন অধিনায়ক মুমিনুল হক। বড় স্কোর গড়তে হলে এই সময়ে উইকেট হারানো একদম চলবে না—এমনটাই ছিল তার বার্তা। কিন্তু লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অপ্রয়োজনীয় আউটে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তবে সব ছাপিয়ে দলের ভরসা হয়ে উঠেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। নিজের জন্মদিনে তিনি অবিচলভাবে রানের চাকা ঘোরাচ্ছেন।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালে তিন উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকরা ৭ উইকেটে ৩৮০ রানে পৌঁছেছে। ক্রিজে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ৭১ রানে। তার সঙ্গী এবাদত হোসেন এখনও রানের খাতা খোলেননি।
সকালের শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। মুশফিক-লিটন জুটি সতর্কতার সঙ্গে রান তুলছিলেন। প্রথম ঘণ্টায় কোনো সুযোগ দেননি তারা। মুশফিক খেলছিলেন ধীর-স্থিরভাবে, আর লিটন ছিলেন রান বাড়ানোর তাড়নায়। কিন্তু সেই তাড়নাই কাল হলো। মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের শর্ট বল অযথা পুল করতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন লিটন (৩৩ রান)।
লিটনের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তিনিও ছিলেন অস্থির। আব্বাসকে একটি পুল ছক্কা মেরে আত্মবিশ্বাসী হয়ে উঠলেও পরের বলেই পাঞ্চ করতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন। মাত্র ১২ বলে ১০ রান করে ফিরতে হয় তাকে।
দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলাতে মুশফিক তাইজুল ইসলামকে নিয়ে ২৪ রানের জুটি গড়েন। কিন্তু তাইজুল (১৭) আব্বাসের বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান।












