চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টায় চবি উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি এবং এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য জনাব হাসনাত আবদুল্লাহ এমপি। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

সাক্ষাৎকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক পরিবেশ, ক্যাম্পাসের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। উপাচার্য মহোদয় আগত অতিথিদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশে বজায় রাখা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই মিলে এবং সকলের সহযোগিতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই। মাননীয় উপাচার্য সকল শিক্ষার্থী এবং অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার মান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সহাবস্থান যেন বজায় থাকে-সেই প্রত্যাশা করেন তিনি। এক্ষেত্রে শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, এনসিপি ও ছাত্রশক্রির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।












