ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে নুসরাত জাহান রুমা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বুধবার (৬ মে) উপজেলার সুন্দরপুর ইউপির ৮নং ওয়ার্ডের একখুলিয়া এলাকার সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুমা ওই এলাকার বাসিন্দা মো. নাজুর কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাত জাহান রুমার পারিবারিক জীবন ছিল জটিল। প্রায় ১০-১২ বছর আগে তার মা বেবি আক্তার তাকে নিয়ে বর্তমান স্বামী নাজুর সংসারে আসেন।
সেই থেকে রুমা সৎ বাবার ঘরেই বেড়ে ওঠেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে মাত্র ৪-৫ দিন স্বামীর বাড়িতে থাকার পর তিনি বাবার বাড়িতে ফিরে আসেন এবং সেখানেই অবস্থান করছিলেন।
পরিবারের দাবি, ঘটনার আগে কয়েকদিন ধরে রুমা অস্বাভাবিক আচরণ করছিলেন। বুধবার নিজ কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা ভালো হলেও দাম্পত্য বিচ্ছিন্নতা বা সাম্প্রতিক মানসিক অস্থিরতা এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।












