সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শানকে (১৩) চারদিন পর কক্সবাজারের ঈদগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৩টার দিকে ঈদগাঁও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে। সৌরভ শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামক বিশেষ মাদকের কবলে পড়ে অপহরণের শিকার হয় বলে ধারনা করছেন পুলিশ।

সূত্রে জানা গেছে, গত ২ মে (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। সে সময় সে একটি বিকাশের দোকান থেকে আট হাজার টাকাও উত্তোলন করে। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওই রাতেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করা হয়, যা অপরিচিত এক ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশালের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, রাত ৩টার দিকে বাস ষ্টেশন এলাকায় ক্লান্ত অবস্থায় সৌরভকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। সৌরভের পকেটে দূরপাল্লার বাসের দুটি টিকিট এবং মাত্র ১০ টাকা পাওয়া গেছে। একইদিন রাত পৌনে ৯ টার দিকে সৌরভের মামা দিপ্ত কুমার দাশের নিকট তাকে হস্তান্তর করা হয়েছে।












