মিরসরাই প্রতিনিধি: ‘বিগত ১৬ বছর মিথ্যা মামলা, মিথ্যা স্বাক্ষীর ছড়াছড়ি ছিল। এখন যাতে কারো নামে মিথ্যা মামলা দিয়ে হয়রাণি না করা হয়। তখন মানুষের উপর অন্যায়ভাবে জুলম করা হয়েছে। আমার এলাকায় একজন নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলার আসামী না হয়।’
বুধবার (৬ মে) উপজেলা আইনশৃঙ্খলা সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি ।

তিনি বলেন, যারা চোরাচালান মাদক ব্যবসা চাঁদাবাজি করছে, সরকারি জায়গা দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশ^বর্তী দেশ ভারত থেকে চোরাই গরুর ব্যবসা নিয়ে দুপক্ষের দ্বন্ধে এক ছাত্রদল নেতা মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যারা চোরাচালানের সাথে জড়িত, তাদের চিহিৃত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, শিক্ষাবিদ মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম, মিরসরাই থানার জৈষ্ঠ অফিসার শরীফুল ইসলাম, মিরসরাই প্রেসকাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।
সভায় নুরুল আমিন এমপি আরো বলেন, আইন শৃঙ্খলার অবনতি, অপরাধমূলক কর্মকান্ড সংগঠিত হয় মাদকের কারণে। মিরসরাইয়ে মাদকের অবস্থা খুবই ভয়াবহ। আমি দুই থানার ওসিকে বলবো সপ্তাহে একদিন হলেও মাদকের বিরুদ্ধে যেন সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়ম, সরকারিভাবে প্রকল্পের উপর প্রয়োজনীয় ফি ব্যতিত কোন প্রকার অতিরিক্ত ফি আদায়, তেল চুরি, প্রশাসনিক চাঁদাবাজিসহ যেকোন হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন।












