বাকলিয়ায় ২২ মামলার আসামী ডিপজল আটক

চট্টগ্রামে ২২ মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজলকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ডিপজল একটি ছিনতাইকারী দলের দলনেতা। তার দলে ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছে। তারা চট্টগ্রামের কোতোয়ালি মোড় থেকে নতুন ব্রিজ এলাকা পর্যন্ত ছিনতাই করে থাকে।

কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিপজলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসংক্রান্ত মোট ২২টি মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়।

তাদের দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।