চবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি— রোমান রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ।

সোমবার (৪ মে) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।

নতুন সভাপতি রোমান রহমান বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য। ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় সোচ্চার থাকব।’