মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনকে ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষককে অর্থায়ন করার’ অভিযোগ করেছেন। ইরানকে ইঙ্গিত করে তিনিবলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলতে ওয়াশিংটনের প্রচেষ্টায় বেইজিংয়ের সহায়তা করা উচিত।
আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে। ওই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। তার আগে সোমবার এমন কঠোর ভাষায় চীনের কড়া সমালোচনা করলেন বেসেন্ট।
ফক্স নিউজকে বেসেন্ট বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক, আর চীন তাদের জ্বালানির ৯০ শতাংশ কিনছে। ফলে তারা এই বৃহত্তম রাষ্ট্রীয় সন্ত্রাস পৃষ্ঠপোষককে অর্থায়ন করছে।

অবশ্য চীনের দিকে অভিযোগের আঙুল তুলেই ক্ষান্ত হননি বেসেন্ট। তিনি চাইছেন, ইরানের হাতে ‘অবরুদ্ধ’ হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় যেন বেইজিংও শামিল হয়।
মার্কিন অর্থমন্ত্রীর ভাষায়, ইরানের হামলার কারণে প্রণালিটি বন্ধ হয়ে গেছে। আমরা এটি আবার খুলছি। তাই আমি চীনকে অনুরোধ করব, তারা যেন এই আন্তর্জাতিক অভিযানে আমাদের সঙ্গে যোগ দেয়।
এর আগে ট্রাম্প রোববার ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘পথ দেখিয়ে’ বের করে আনবে এবং ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এই অভিযানে হস্তক্ষেপ না করতে ইরানকে সতর্কও করেন তিনি।
বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র জানিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালির ওপর ইরানের ‘কোনো নিয়ন্ত্রণ নেই’। তিনি আরও বলেন, এই প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
তবুও এই সংকট সমাধানে ইরানের ওপর চীনের প্রভাব ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেন বেসেন্ট। তিনি বলেন, চলুন আমরা কূটনৈতিকভাবে এগিয়ে যাই এবং ইরানকে প্রণালিটি খুলতে রাজি করাই।












