চন্দ্রঘোনায় বিদ্যুৎ বিহীন ৪ দিন জনভোগান্তি, গাছ পড়ে ঘরবাড়ির ক্ষতি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কালবৈশাখীর ঝড়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ, মোবাইল নেটওর্য়াক না থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। ঝড়ে উপজেলার চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকায় বিদ্যুৎ লাইনের উপর গাছ ভেঙ্গে পড়ে, পিলার উল্টে যাওয়ায় গত চারদিন ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় দিন যাপন করছে এলাকাবাসী। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও বন্ধ রয়েছে। এমতাবস্থায় জন ভোগান্তি চরমে উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্ণফুলী কলেজের দপ্তরি রহমত আলী, বারঘোনা তালুকদার পাড়া এলাকার ঝুনু দাশের পরিবার। তাদের ঘরের উপর গাছ চাপা পড়ে একাধিক ঘর ভেঙ্গে যায়। তারা বর্তমানে পলিথিন দিয়ে কোন মতে মাথা গুজে আছে। কলেজ এলাকায় আবুল বশর নামের আরেক বাসিন্দার ঘরের ওপরও গাছের অংশবিশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়। তবে হতাহতে কোন খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে উপজেলা ইউএনও মোঃ রুহুল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি তালুকদার পাড়া এলাকার ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন।
এদিকে কাপ্তাই উপজেলার আরও কয়েকটি স্থানে ঝড়ে গাছ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ গাছগুলোর বিষয়ে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সময়মতো ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত বলেও তারা মন্তব্য করেন। প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।