কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন, একই এলাকার আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) ও তার তিন বছরের কন্যা শিশু মোহছেনা বেগম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিমের কলোনিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল বলেন, ‘বন্য হাতির একটি দল ভোররাতে আব্দুল করিম কলোনিতে হানা দেয়। এ সময় হাতি দলটির আক্রমণে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করেছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।












