বাঁশখালীতে এক লাখ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সাড়ে চারটার দিকে বাঁশখালী থানার বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা মো.সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম প্রকাশ মরজান (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

এসময় সন্দেহভাজন একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তিনি আরও জানান, র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।