কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে: সরোয়ার আলমগীর

সার-বীজ কৃষকদের ন্যায্য অধিকার, কারো দয়া নয় বলে মন্তব্য করে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বেসরকারি ভাবে বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের সহায়তায় খাল খনন, কৃষি কার্ড প্রদান এবং উৎপাদিত ফসল সংরক্ষণে হিমাগার নির্মাণ করা হবে বলেও তিনি জানান।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে ফটিকছড়ি উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করে কৃষকদের কল্যাণে কাজ করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে যেমন কৃষিখাতে উন্নয়ন হয়েছে, তেমনি এবারও কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে সারাদেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং ফটিকছড়িতেও এ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এ অঞ্চলের অনাবাদি জমিগুলোকে কৃষির আওতায় আনা হবে এবং কৃষকদের উৎপাদিত ফসল ও শাক-সবজি সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে, সহজলভ্য ও টেকসই পাঁচটি হিমাগার নির্মাণ করা হবে।

তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিখাতে অবদানের কথা উল্লেখ করে বলেন, তাঁর হাত ধরেই দেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এবং ফটিকছড়িতেও সেই ধারাবাহিকতায় কৃষি উন্নয়ন ঘটানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উপজেলা বিএনপি সেক্রেটারি জহির আজম, বিআরডিবির পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লিটন চৌধুরী, নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ কর্মসূচির আওতায় উপজেলার ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।