জাতীয় যুবশক্তির নতুন কমিটি, সভাপতি তারিকুল ও সম্পাদক ফরহাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় এনসিপির নতুন কমিটির ঘোষণা দেন দলটির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাতকে রাখা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির দায়িত্বশীলরা।

যুবশক্তির নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। আর সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল প্রকৌশলী এবং আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন।