এসএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের স্বাচ্ছন্দ্যে মানবিক উদ্যোগ

সারাদেশের মতো চট্টগ্রাম বোর্ডেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। প্রচণ্ড গরমের পরিস্থিতিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরের ১০টি পরীক্ষাকেন্দ্রে বিশুদ্ধ বোতলজাত পানির ব্যবস্থা, ছায়াযুক্ত অপেক্ষার স্থান এবং অভিভাবকদের বসার সুবিধা নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে এমপি সাঈদ আল নোমানের প্রতিনিধিদল বিভিন্ন কেন্দ্রে এসব সেবা কার্যক্রম বাস্তবায়ন করে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, এসএসসি পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মানবিক উদ্যোগ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

এমপি সাঈদ আল নোমান বর্তমানে চীন সফরে থাকলেও সেখান থেকেই সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন। তীব্র গরমে অভিভাবকদের কষ্ট লাঘবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছাউনি, বসার চেয়ার, বিশুদ্ধ পানি ও হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছে। পুরো পরীক্ষা চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপির নির্দেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের মতো এবারও এ উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।