সারাদেশের মতো বান্দরবানেও মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে প্রথম দিনের পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কিছুটা উৎকণ্ঠাও লক্ষ্য করা গেছে। তবে সকলেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জেলা শিক্ষা বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় মোট ৫ হাজার ৪২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ৪ হাজার ২৫৭ জন শিক্ষার্থী। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ৭৪১ জন এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে ৪৩১ জন শিক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলায় মোট ২৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।












