কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা বিদ্যালয়ে কোচিং করাতে এসে স্কুল খোলার পর চুরির ঘটনাটি তার নজরে আসে। পরে এঘটনায় তিনি কাপ্তাই থানায় একটি অভিযোগ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, চোরেরা স্কুলের লোহার জানালা ভেঙ্গে সিসি ক্যামেরা, মনিটর, হার্ডডিক্স, রাউটার, তবলা, নতুন স্কুল ভবনের সেটিংস, বৈদাুতিক তার সহ মূলবান মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়া চোরেরা স্কুলের বিপুল পরিমাণ ক্রোকারিজ সামগ্রী ভেঙ্গে চুরমার করে রাখে। এ ঘটনায় কাপ্তাই থানায় একটি জিডি করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান রুবেল বলেন, এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করার পর এব্যাপারে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, সারাদেশের ন্যায় সরকারি ভাবে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয় ৩ দিনের জন্য ছুটি চলমান থাকায় বিদ্যালয়টি বন্ধ ছিল।












