ব্রেন স্ট্রোকে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক লারমা।জীবক লারমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার ছেলে।
রবিবার (১২ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে জীবক লারমা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে চবি মেডিকেল সেন্টারে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, ‘আজ সকালে এই শিক্ষার্থীকে মেডিকেলে আনা হয়। সে স্ট্রোক করতে পারে বলে আমরা ধারণা করেছি। তখন তার কোনো জ্ঞান ছিল না। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এই শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে বলে জানতে পেরেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ও নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, ‘তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল, আগামী ১৬ এপ্রিল থেকে তার পরীক্ষা হওয়ার কথা ছিল। এই অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘আজ সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, আমরা এমনটাই জানতে পেরেছি।’
এদিকে, জীবক চাকমার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও নিজ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।












