কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি, প্রবেশমুখে নকল চেকআপের জন্য বুথ স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন এমপি আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে নকল মুক্ত ও ভয়ভীতিহীন ভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।তিনি প্রত্যেক কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপন, কেন্দ্রের প্রবেশমুখে নকল চেকআপের জন্য বুথ স্থাপন এবং পরীক্ষাকালীন বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে প্রতিটি কেন্দ্রে আইপিএস সংযোজনের জন্য সবাইকে নির্দেশনা দেন।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক ভার্চুয়াল (জুম) সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশনা দেন।

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবগণের সাথে মতবিনিময় সভা চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো: নুরুল হক ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড.এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: পারভেজ সাজ্জাদ চৌধুরী ও চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতি প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী মন্ত্রী নির্দেশনা ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সূচারুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্র সচিবদের প্রতি আহ্বান জানান।