কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে তিন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের মধ্যে একজন রোহিঙ্গা শিশু। অন্য দুই শিশুর একজন উখিয়া এবং অপরজন রামু উপজেলার বাসিন্দা। এ ছাড়া আরো চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, হাম রোগের সম্ভাব্য বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। এ লক্ষ্যে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাওন জানান, রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, নার্সিং সাপোর্ট এবং চিকিৎসকদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
যেসব শিশুর অক্সিজেন প্রয়োজন হচ্ছে, তাদের তা নিশ্চিত করা হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে হাসপাতালের সার্বিক কার্যক্রম জোরদার করা হয়েছে। আইসোলেশন ওয়ার্ড চালু হলে আক্রান্তদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া সহজ হবে। পাশাপাশি নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তকরণ কার্যক্রমও বাড়ানো হয়েছে।
জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।












