মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন কুকিমারা এলাকার দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘লোটাস শিশু সদন উচ্চ বিদ্যালয়’-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিদ্যালয় হলরুমে ধর্মীয় বন্দনা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা লোটাস শিশু সদনের মহৎ উদ্দেশ্যের কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে অনাথ ও অসহায় শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অভিভাবকহীনতার কারণে শিশুরা ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, তাদের আবাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. নাগাসেনা ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
“কুকিমারা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ. বিসারদা ভিক্ষু, রাঙামাটি আঞ্চলিক পরিষদ নির্বাহী কর্মকর্তা, সুইচিংমং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. রুইহ্লাঅং মারমা, ওয়াগ্গা ১০০ নং মৌজা হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশোতোষ তনচংগ্যা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোটাস শিশু সদনের সহকারী শিক্ষক হ্লাচিংপ্রু মারমা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্নী বড়ুয়া। আলোচনার ফাঁকে ফাঁকে পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যময় ম্রো, খুমী, মারমা, খিয়াং, তঞ্চঙ্গ্যা ও চাকমা গান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
বিদায়ী ৩৩ জন পরীক্ষার্থী তাদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা জানায়, এই প্রতিষ্ঠানটি তাদের কাছে কেবল একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ আর অক্লান্ত পরিশ্রমে তারা আজ উচ্চশিক্ষার এই ধাপে পৌঁছাতে পেরেছে।
অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বিশেষ স্মৃতিস্মারক তুলে দেয় অতিথিবৃন্দ।












